শিল্পকলায় চীনা বইয়ের প্রদর্শনী

 
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সফর উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালায়ও শুরু হয়েছে চীনা বইয়ের সপ্তাহব্যাপী প্রদর্শনী। ‘চায়না ইন্টারন্যাশনাল বুক ট্রেডিং করপোরেশন’ এবং ‘বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার’ এর যৌথ আয়োজনে গত মঙ্গলবার শুরু হয় এই প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিভাগের প্রতিমন্ত্রী থুও চেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান এমপি প্রমুখ। প্রদর্শনীর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লেখা ‘দ্য গভর্নেন্স অব চায়না’ বইটির ইংরেজি ও চীনা ভার্সন। প্রদর্শনীতে চীনের ভাষা, রাজনীতি, শিল্প, সংস্কৃতি, ইতিহাসসহ নানা বিষয়ে চাইনিজ ও ইংরেজি ভাষার বই স্থান পেয়েছে।  এই প্রদর্শনীর পৃষ্ঠপোষক ইন্টারন্যাশনাল অফিস অব স্টেট কাউন্সিল অব পিপলস রিপাবলিক অব চায়না ও ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানটির সহ-আয়োজক চীনা ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপ।
 
শিল্পকলায় ‘জয়ন্তীর জলছবি’ র প্রদর্শনী : দেশের বিশিষ্ট বারোজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘জয়ন্তীর জলছবি’ শিরোনামে আটদিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার ‘অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়নকেন্দ্র’ এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী রণজিত্ দাস, শিল্পী সাঈদা কামাল, শিল্পী আইভি জামান, শিল্পী ফরিদ হোসেন, শিল্পী রশীদ আমিন, শিল্পী রাশেদুল হুদা, শিল্পী কারু তিতাস, শিল্পী আলপ্তগীন তুষার, শিল্পী মহিউদ্দিন আহমেদ মহিম, শিল্পী আজমীর হোসেন ও শিল্পী শাহানুর মামুনের শিল্পকর্ম স্থান পাবে। এ ছাড়া, আলোকচিত্রী গোলাম মুস্তাফার কয়েকটি আলোকচিত্রও এতে স্থান পেয়েছে।
 
শিল্পকলা একাডেমিতে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি-৪-এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা মো. ইমদাদুল হক।
 
আলিয়ঁস ফ্রঁসেজ স্থাপনাশিল্পের প্রদর্শনী : হাজার হাজার ইঁদুর ছড়িয়ে রয়েছে গ্যালারিতে। ঢোকার মুখেও দেখা মিললো ইঁদুরের। ইঁদুরে মধ্যদিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের আত্মকেন্দ্রিকতা, যা পৃথিবীকে ঠেলে দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে। এ ভাবনা থেকেই ভিন্নধর্মী স্থাপনাশিল্প প্রদর্শনীটি সাজিয়েছেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন।
 
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ভিন্নধর্মী স্থাপনাশিল্পের প্রদর্শনী। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের। বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও চিত্র সমালোচক মোস্তফা জামান এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। প্রদর্শনী চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।