মোবাইলে কথা বলতে নিষেধ করেছিলেন শাশুড়ি, আর সে জন্যই তাকে খুন করল তারই পুত্রবধূ। ভারতের হরিয়ানার ভিওয়ানি জেলায় এই ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত ওই নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত সুরেখার বয়ান অনুযায়ী, শাশুড়ি ফুলবতীর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করে সে।
পুলিশ সূত্রের খবর, বাড়ির মূল ফটকের গেটের সামনে থেকে ননদকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির অদূরেই একটি পুকুরের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ফুলবতীকে উদ্ধার করে সুরেখার শ্বশুর। তিনিই পুলিশ থানায় খবর দেন। ফুলবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে তদন্তের জন্য সুরেখাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় নিজের মতো একটি গল্প বানায় সে। নববধূ পুলিশকে জানায়, দুজন মুখোশ পড়া দুর্বৃত্ত বাড়ির ভিতর ঢুকে পড়ে। তারাই ফুলবতীকে খুন করে।
তার কথায় অসঙ্গতি থাকায় পুলিশ থানায় জেরা করে। সেখানেই শাশুড়িকে খুন করার কথা স্বীকার করে সে।
পুলিশি জেরায় সুরেখা জানিয়েছে, প্রতিদিন নানান অছিলায় শাশুড়ি তাকে কথা শোনাত। তাকে নিয়ে উপহাসও করা হত। মোবাইলে কথাও বলতে দিতো না ফুলবতী।
ঘটনার পরে নববধূকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
ইত্তেফাক/এএম