সাঁথিয়ায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ব্যাহত

পাবনার সাঁথিয়া উপজেলায় শুরু হয়নি ১০ টাকা দরের চাউল বিক্রয়। হত-দরিদ্ররা দুই মাসের চাউল থেকে বঞ্চিত।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বলেন, ‘তালিকা তৈরির কাজ শেষ হয়নি।’
 
জানা গেছে, বর্তমান সরকার দেশের হত-দরিদ্রদের কথা চিন্তা করে সেপ্টেম্বর মাস থেকে পাঁচ মাস খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কম মূল্যে চাউল বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। এ কর্মসূচির অংশ হিসেবে পাবনার উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের হত-দরিদ্র পরিবারের তালিকা প্রণয়নের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। নির্দেশ অনুযায়ী স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে ১০ টাকা কেজি চাউলের সুফল ভোগীদের নামের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে পাঠানো হয়।
 
সারা দেশে ১০ টাকা কেজির চাউল বিক্রয় শুরু হলেও এখন পর্যন্ত খাদ্য নিয়ন্ত্রক অফিস উপজেলার ১৫ হাজার ছয় শ ৪২ জন হত-দরিদ্রর মাঝে বিক্রয় শুরু করতে পারেনি কম মূল্যের চাউল। এতে ক্রমশই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তালিকাভুক্ত হত-দরিদ্ররা।
 
ইউপি চেয়ারম্যানরা বলেন, ‘সঠিক তালিকা প্রণয়নের পরও তা আবার যাচাই বাছাইয়ের জন্য পরিষদে পাঠিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক অফিস। এদিকে প্রতিনিয়তই আমাদের নিকট চাউলের জন্য তালিকাভুক্তরা ভিড় করছে। আমরা তাদের সঠিকভাবে বলতে পারছি না কোন দিন থেকে চাউল বিক্রয় শুরু হবে।’
 
উপজেলার সচেতন মহল মনে করছেন উপজেলা কমিটি ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের অবহেলায় হতদরিদ্ররা গত সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসের চাউল প্রাপ্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছে।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য তালিকা পুনরায় ফেরত পাঠানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হত-দরিদ্ররা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাউল থেকে বঞ্চিত হবেন।’
 
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে ১০ টাকা দরের চাউল বিতরণ শুরু হবে। বিলম্বের বিষয়ে তিনি জানান, সঠিকভাবে তালিকা যাচাই যাছাইয়ের জন্য সময় লাগছে।
 
ইত্তেফাক/এএসএমইউ