নাগেশ্বরীতে গরু ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ১৫ লাখ টাকা ৩৬ ঘণ্টা পর ফেরৎ দিয়েছে ছিনতাইকারী ও তাদের পরিবার। পুনরায় এরকম অপরাধ না করার শর্তে সামাজিকভাবে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে ছিনতাইকারীদের।
গত (১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে সন্তোষপুর-নাগেশ্বরী সড়কের সাত ভাই মোড় এলাকায় গরু ব্যবসায়ী নুর আমিনকে আটকে হেলমেট দিয়ে পেটানোর পর ১৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন যুবক। পরে পৌরসভার পুরাতন বাজার এলাকার কাজী রেস্ট হাউজে বসে সে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় পৌরসভার হাজীপাড়া গ্রামের বিএনপি নেতা ব্যবসায়ী আহসানুল হক রিটুর ছেলে রাকিবুল হাসান রকি, বানুর খামারের শাহ আলম মিয়ার ছেলে মোজাফ্ফর হোসেন, রংপুর হনুমানতলার মৃত সোলায়মান আলীর ছেলে শাহী মোরশেদ ডন এবং ওই রেস্ট হাউজের মালিক কাজী রিয়াজুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম। বিষয়টি এলাকায় আলোচিত হলে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে ব্যবসায়ীদের একটি গ্রুপ ব্যাপক তৎপরতা চালায়। রকির বাবাসহ অন্য ছিনতাইকারীর অভিভাবকদের ডেকে তাদের সন্তানদের হাজির করতে বলা হয়। বৃহস্পতিবার রাতেই অবিভাবক ও তাদের ছিনতাইকারী সন্তানদের নিয়ে বৈঠক বসে। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে ছিনকাইকৃত ১০ লাখ টাকা ফেরৎ দেয়। বাকি টাকা উদ্ধারে শুক্রবার পুনরায় বৈঠক বসলে গভীর রাতে ছিনতাইকারীরা সমুদয় টাকা ফেরৎ দেয়। পুনরায় এরকম অপরাধ না করার শর্তে সামাজিকভাবে বিচার করে পরে ছিনতাইকারীদের ছেড়ে দেওয়া হয়।