৮দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

শারদীয় দুর্গোৎসব এবং পবিত্র আশুরাসহ সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা ৮দিন বন্ধের পর শনিবার পুরোদমে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।
 
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, গত ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর টানা ৮ দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ৮দিন পর শনিবার থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বন্দরের সকল কার্যক্রমে। ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মযজ্ঞে মুখরিত হয়ে উঠেছে বন্দর।
 
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৮দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা। 
 
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, দুর্গোৎসব ও পবিত্র আশুরা উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মের চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছেন। 
 
 
 
ইত্তেফাক/এমআই