বাউল সম্রাট লালন শাহের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে রবিবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহির রায়হান সভাপতিত্ব করবেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ এবং সমাপণী দিনে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথি থাকবেন।
এছাড়া আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লালন গবেষক ড. আবুল আহসান চৌধুরী, ড. সরওয়ার মুর্শেদ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, এডভোকেট লালিম হক, অধ্যাপক মাসুদ রহমান প্রমুখ।
অনুষ্ঠান উপলক্ষে লালন আখড়া চত্বর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্ধ্যায় আলোচনা সভা ও লালন স্মৃতিচারণ, গ্রামীণ মেলা এবং জমকালো লালন সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে আলোচনা সভা এবং আলোচানা শেষে রাতভর চলবে লালনগীতির জলসা। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি