‘ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা’

যুবলীগ চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন,  জিয়াউর রহমানের নির্বাছন ছিল হ্যাঁ/ না ভোটের মাধ্যমে। এরশাদ মিডিয়া ক্যু-এর মাধ্যমে ফলাফল ঘোষণার নির্বাচন উপহার দিয়েছেন।  বেগম জিয়ার নির্বাচন ছিল সোয়া কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচন । ওই সব নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিল না। কিন্তু শেখ হাসিনা জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছেন ।   
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, শেখ হাসিনা শুধু ভোটের অধিকার নয়, ভাতের অধিকারও নিশ্চিত করেছেন। দেশের জনগণ জিয়ার শাসনকাল দেখেছেন। এরশাদের দুঃশাসন দেখেছেন। দেখেছেন খালেদা জিয়ার শাসন। কিন্তু উত্তরবঙ্গের মঙ্গা দূর হয়নি। কিন্তু শেখ হাসিনা তার আমলে মঙ্গা দূর করে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন । ভোটের অধিকারের পাশাপাশি মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা। 
 
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী । 
 
‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন,  জনগণের ক্ষমতায়ন, বাস্তবায়নই হোক আমাদের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত হলো বগুড়া জেলা যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন। 
 
বগুড়া জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেল, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি