ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ৪ থেকে ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার বিকাল ৩টার দিকে রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি মিটিং থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই সময়ে হওয়ায় পূর্ব নির্ধারিত ১৯ থেকে ২৪ নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৪ থেকে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি আবেদনের শেষ সময় পূর্ব নির্ধারিত ২০ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোহা. সেলিম তোহা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি প্রমুখ।
ইত্তেফাক/ইউবি