সির্তে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে সৈন্যরা

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) থেকে সির্তকে মুক্ত করতে সফলতা পেয়েছে লিবীয় সরকারপন্থি বাহিনী। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সেনাবাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছে বলে সামরিক ও হাসপাতাল সূত্রে জানান হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
 
দীর্ঘ ৬ মাস ধরে যক্তরাষ্ট্রের বিমান হামলা ও জাতিসংঘ সমর্থিত দেশগুলোর সরকারের সহায়তা নিয়ে লিবীয় বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটিতে নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত থেকে জঙ্গিদের হটিয়ে দিতে তত্পর সরকারি বাহিনী। জঙ্গিদের সর্বশেষ অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে তারা। সামরিক সূত্র জানিয়েছে, এদিন ঘিজা বাহরিয়া এলাকায় দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় রাস্তায় ট্যাংক, মেশিনগান ভর্তি সশস্ত্র যান নিয়ে আক্রমণ চলে। সেইসঙ্গে আইএসের দখলকৃত বাড়িগুলো পনুরুদ্ধার করতে বিমান হামলাও চালান হয়। আমাদের বিমান হামলায় একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। বলেন মিসরাতা শহরের সেনাবাহিনীর মুখপাত্র আহমদ হাদিয়া।
 
অপরদিকে, এ ঘটনায় ১৪ জন সৈন্য নিহত হওয়া ছাড়াও ২০ জনের বেশি সেনা সংঘর্ষে আহত হয় বলে জানিয়েছে মিসরাতা সেন্ট্রাল হাসপাতালের মুখপাত্র। সিরিয়া ও ইরাকের পর সির্ত হারান হবে জঙ্গি গ্রুপটির জন্য একটি বড় ধরনের আঘাত। ইতোমধ্যেই ঐ দুই দেশে তারা অনেকটা অংশ হাতছাড়া করে ফেলেছে। তাছাড়া সির্তের প্রধান ৪ টি তেল বন্দর দখল করেছে সেনাবাহিনী। এ  তেল বন্দর থেকে পুনরায় সরবরাহ শুরু হতে পারে, তবে এই জ্বালানি নিয়ে আবারো সহিংস পরিস্থিতির স্ফুলিঙ্গ দানা বাঁধতে পারে।