রংপুরে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান মিয়া (১৮) গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ওমর গ্রামের আবু হেনার ছেলে।
রবিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের চিলারঝাঁড় এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে চিলারঝাড় এলাকার কয়ার দোলায় তার লাশ পাওয়া যায়। সে আনন্দলোক ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল। রায়হান ‘মনি কনজুমার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে গঙ্গাচড়ায় মাঠ পর্যায়ে কাজ করতো। গ্রাহকদের কিস্তির মাধ্যমে পণ্য সামগ্রী সরবরাহ করত।
নিহতের স্বজনেরা জানায়, শনিবার দুপুরে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রায়হানের বাসায় দাওয়াত খায়। এ সময় রায়হান ম্যানেজারকে কিস্তির টাকা দিতে চাইলে রাতে নেয়ার কথা বলেন। রাত নয়টার দিকে বাড়ির বাইরে থেকেই তার মাকে সমিতির মিটিংয়ের কথা বলে চলে যায় রায়হান। এরপর সে রাতে আর ফিরে আসেনি। মোবাইলেও তাকে পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, রায়হানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে।
ইত্তেফাক/এএসএমইউ