ধর্ণাকারীদের ঠিকানা বিদেশেই হবে: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, 'যারা বিদেশীর মন জয় করতে চায়। বিদেশীদের কাছে ধর্ণা দেয়। তাদের ঠিকানা দেশের মানুষের কাছে হবে না, তাদের ঠিকানা বিদেশেই হবে।'
 
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, মঞ্চ সাজ-সজ্জা ও খাদ্য উপ-কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
 
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, 'আমাদের সামনে চ্যালেঞ্জ হলো দুইটি। একটি হল বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য চক্রান্তের বিরুদ্ধে মানুষকে আরও বেশী শানিত ও ঐক্যবদ্ধ করা। তারা আজও বিদেশীর কাছে বাংলাদেশের সুনামকে নষ্ট করতে চায়। আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায়। কেউ কোনদিন বিদেশীর কাছে গিয়ে দেশের সুনাম ছাড়া অন্য কিছু করে না। কিন্তু এরা (বিএনপি) দুর্নাম করে।এটাই হচ্ছে বিএনপি নেত্রীর চরিত্র।'
 
যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম ও এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, 'দেশে যে বিদেশী এসেছিলেন তাকে বাংলার জনগণ সম্মান দিয়েছে। প্রধানমন্ত্রী সম্মান দিয়েছেন। কিন্তু সেখানে গায়ে পড়ে বৈঠকের সুযোগ নিয়ে খালেদা জিয়া গীবত করে আসলেন চীনের প্রেসিডেন্টের কাছে। এটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।'
 
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি প্রায় সম্পন্ন এমন দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, 'কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথি আপনারা সকাল নয়টার মধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে চলে আসবেন আমন্ত্রিত কার্ড নিয়ে। সম্মেলনস্থলে শৃঙ্খলার জন্য আমন্ত্রিত অতিথিদের নির্দিষ্ট রঙের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছে।'
 
অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক বলেন, 'আমরা ১৪টি দেশকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি। অধিকাংশ বিদেশিই আমাদের আমন্ত্রণে সাড়া দেবে। কারণ এটা হচ্ছে বিজয়ী বাঙালি আওয়ামী লীগের কাউন্সিল।'
 
'আমরা বিশ্বাস করি সম্মেলনের মধ্য দিয়ে নতুন বার্তা নেতাকর্মীদের কাছে যাবে' এমনটি আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, 'সেই সঙ্গে নতুন বার্তা দেশের জনগণের কাছে যাবে। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হতে চাই মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে। আমাদের যে সফলতা আছে তা নিয়ে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস