সোনাতলায় ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই

বগুড়ার সোনাতলা উপজেলায় আরিফ হোসেন (৩০) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। 
 
রবিবার দুপুরে সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বুড়ামেলা সংলগ্ন সেতুর কাছে এ ঘটনা ঘটে। আরিফকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আরিফ বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার দহিলা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। সোনাতলা বাসা ভাড়া নিয়ে থেকে চাকরি করতেন। 
 
গ্রামীণ ব্যাংক সোনাতলা উপজেলার হাট করমজা শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, আরিফ হোসেন কিস্তি টাকা নিয়ে দুপুর ১২টার দিকে চরপাড়া থেকে মোটরসাইকেলে অফিসে আসার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 
 
সোনাতলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি