পাঁচ রাজাকারের অভিযোগ আমলে নেয়া বিষয়ে আদেশ ১৭ নভেম্বর

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দেয়।
 
উক্ত পাঁচ রাজাকার হলেন- ইসহাক সিকদার, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।
 
গত ১৩ অক্টোবর এ পাঁচ আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। বিষয়টির ওপর আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
 
এর আগে তদন্তের স্বার্থে আনা এক আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর এ পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সব আসামীই আটক রয়েছে বলে সূত্র জানায়। এ আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে পাওয়া গেছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস