প্রায় কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল ইসলাম (৬১) নামে অগ্রণী ব্যাংকের এক সাবেক ব্যবস্থাপককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা শাখায় সর্বশেষ কর্মরত ছিলেন। তিনি বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবদুর রশিদ সরকার।
দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক জানান, রফিকুল ইসলাম প্রায় এক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসর গ্রহণের আগে তিনি অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের আগে তিনি ভূয়া প্রতিষ্ঠানের নামে কয়েকটি হিসাব খুলেন এবং এক কোটি ১৩ লাখ টাকা ঋণ বিতরণ করেন। কিন্তু তিনি অবসর নেয়ার পর এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ফলে উক্ত টাকার পুরোটিই তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর গত জুলাই মাসে ব্যাংকটির ওই শাখার বর্তমান ব্যবস্থাপক ইসহাক আলী এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় চারটি মামলা করেন। মামলাগুলো তদন্ত করছে দুদক।
ইত্তেফাক/ইউবি