ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশ সময় রাত একটায় অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে গত নয় খেলার ইতিহাস বিবেচনায় নিয়ে অল রেডদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ভাবছেন না দলটির কোচ হোসে মরিনহো।
লিগে সর্বশেষ নয়বারের দেখায় অলরেডদের সঙ্গে সাতবারই জিতেছে রেড ডেভিলরা। শেষ চার খেলায় চারটিতেই জয় পেয়েছে তারা। অ্যানফিল্ডেও সর্বশেষ দু’বারের মুখোমুখি লড়াইয়ে হেরেছে লিভারপুল। মরিনহো বলেন, 'এ রকম বড় খেলায় নেতিবাচক কিছু হলে আমি সত্যিই বিষাদগ্রস্ত হব।'
সন্দেহ নেই ইতিহাসটা ইউনাইটেডের পক্ষে। তবে মরিনহো বিষাদগ্রস্ত বা যাই হোন, সর্বশেষ ম্যাচগুলোয় তার দলের পারফরম্যান্স কিন্তু তেমন আহামরি নয়। লিগে শেষ চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে মরিনহোর শিষ্যরা। একটি খেলায় ড্র ছাড়া হেরেছে দু’টিতে। অন্যদিকে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলের ড্র’র পর থেকেই উড়ছে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল। চার খেলার চারটিতেই জয় পেয়েছে তারা। তার উপর খেলাটা অ্যানফিল্ডে।
তাই মরিনহোকে যেন কিছুটা সতর্কই করলেন ক্লপ। জার্মান কোচ বলেন, ‘এটা অনেক বড় একটা খেলা। আমি ইতিহাসটা জানি এবং এই ধরনের বড় ম্যাচগুলো পছন্দ করি। দিনশেষে আমাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে আমরা ম্যাচটা জিতব কিনা। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারা অনেক বড় দল, আমাদেরকে তাদের সম্মান করতে হবে। কিন্তু এটা অ্যানফিল্ড। আমার ইচ্ছা প্রত্যেকে অ্যানফিল্ডে লিভারপুলের জার্সি পরে আসুক।’-বিবিসি
অল রেড বনাম রেড ডেভিলস
আজ ইউনাইটেডের বিপক্ষে হারলে ২০০৫ সালের জানুয়ারির পর নিজেদের মাঠে টানা তিনটি ম্যাচ হারবে লিভারপুল। গত ১১ বছরে যা হয়নি।
সর্বশেষ ৯ বারের দেখায় অল রেডদের সঙ্গে সাতবারই জিতেছে রেড ডেভিলরা। শেষ চার খেলায় চারটিতেই জয় পেয়েছে তারা।
ইউনাইটেডের বিপক্ষে মোট ৬৭টি লিগ ম্যাচ হেরেছে লিভারপুল। লিগে অন্য কোনো প্রতিপক্ষের সঙ্গে এতবার হারেনি তারা।
২০১১ সালের অক্টোবরে অ্যানফিল্ডে লিগে ১-১ গোলে ড্র’র পর গত পাঁচ বছর কোনো ম্যাচ ড্র হয়নি দু’দলের মধ্যে।
হোসে মরিনহোর সঙ্গে পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে মাত্র একবার হেরেছেন য়ুর্গেন ক্লপ। এক ড্র’র বিপরীতে জার্মান কোচ জিতেছেন তিনটিতেই।
সর্বশেষ চারটি লিগ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মরিনহোর শিষ্যরা। একটি খেলায় ড্র ছাড়া হেরেছে দু’টিতে।
টানা পঞ্চম লিগ ম্যাচ জয়ের জন্য মাঠে নামবে ক্লপের শিষ্যরা। জিতলে ২০১৫ সালের মার্চের পর এটাই হবে লিগে তাদের সেরা সাফল্য।
ইত্তেফাক/আরএ