২০১৫-১৬ অর্থবছরে টাঙ্গাইলের কালিহাতীতে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত টিআর এবং কাবিটা কর্মসূচির এক কোটি ৭৫ লক্ষ সাত হাজার ১৫৪ টাকার প্রকল্পে গ্রামীণ জনপদের চিত্র পাল্টে যাচ্ছে। বরাদ্দকৃত এই অর্থ প্রতিবন্ধীদের বাসস্থান নির্মাণ, সোলার প্যানেল স্থাপন এবং স্থাপনা ও রাস্তাঘাটের উন্নয়ন-সংস্কার কাজে ব্যয় করা হয়েছে।
কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার জানান, ২০১৫-১৬ অর্থবছরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ টেস্ট রিলিফের (টিআর) ১১৫ প্রকল্পে ৮৭ লক্ষ ৫৩ হাজার ৫৭৭ টাকা এবং কাজের বিনিমিয়ে টাকার (কাবিটা) ৩০টি প্রকল্পে ৮৭ লক্ষ ৫৩ হাজার ৫৭৭ টাকা মোট এক কোটি ৭৫ লক্ষ সাত হাজার ১৫৪ টাকা স্থানীয় সংসদ সদস্যের কোটায় বরাদ্দ দেয়া হয়। তবে কালিহাতীতে সংসদ সদস্য না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকল্পগুলো সমন্বয় করে বাস্তবায়ন করেছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্নস্থানে ঘুরে দেখা যায়, টিআর প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৯৪টি সোলার প্যানেল স্থাপন এবং ২১টি উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এদিকে কাবিটা প্রকল্পের অধীনে কালিহাতীতে মোট ১৪ প্যাকেজের ৭০টি সোলার প্যানেল স্থাপন এবং ১৬টি উন্নয়নমূলক কাজ হয়েছে। দুই প্রকল্পেরই কিছু কাজ চলমান রয়েছে।
IMG0
কালিহাতী পৌরসভার সালেংকার দৃষ্টি প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা লায়লা বেগম (২৫) বলেন, আমার বছরের পোলা নাজু এবং ৬০ বছরের বুড়া মারে নিয়া ভাঙা পাট খড়ির ছাপড়া ঘরে থাকতাম। ঘরে বৃষ্টির পানি পইতো, শীতে খুব ঠাণ্ডা লাগতো। সরকার নতুন টিনের ঘর বানাইয়া দিছে। এহন ঘরে আর পানি পড়ে না। আমরা এহন শান্তিতে ঘুমাই।
উপজেলা স্কাউট কমিটির সম্পাদক শুকুর মাহমুদ জানান, আমাদের স্কাউট ভবনের আঙিনা সম্প্রসারণের জন্যে তিন লাখ ২১ হাজার ২৮৯ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা আঙিনা ভরাট করার পর অতিরিক্ত টাকা দিয়ে ভবনের দুইতলার কাজ করছি। সেখানে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয় স্থাপন করা হবে। সেই সাথে একটি জিমনেসিয়ামের সকল উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন বলেন, কালিহাতীতে টিআর কাবিটা প্রকল্পের মাধ্যমে উপজেলা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে উক্ত কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং হচ্ছে। উপকারভোগীরা আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন আলোকিত বাংলাদেশ গড়ার। এরই ধারাবাহিকতায় কালিহাতীকে আলোকিত করতে টিআর কাবিটা প্রকল্পের মাধ্যমে হত দরিদ্র পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন এবং বিভিন্নস্থানে রাস্তাঘাট-স্থাপনা নির্মাণ, উন্নয়ন-সংস্কার কাজ বাস্তবায়িত হচ্ছে।
ইত্তেফাক/এএসএস