ভারতের জম্মু-কাশ্মিরের এক সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হয়েছে সদ্যোজাত এক শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি ওই শিশুর বাবার।
সম্প্রতি গোলাম হাসিন নামের এক যুবক তার গর্ভবতী স্ত্রীকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। বিকেলে গোলাম হাসিন গিয়ে দেখেন, প্রসূতি বিভাগে তার মৃত সন্তান পড়ে রয়েছে।
গোলাম হাসিনের দাবি, মৃত সদ্যোজাতর শরীরে একাধিক ক্ষত ছিল। তিনি নিশ্চিত, ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে তার সন্তানের। এরপরই গোলাম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই শিশুর। তবে সদ্যোজাতের শরীরের ক্ষত যে ইঁদুরের কামড়েই তাও স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তা শিশুটির মৃত্যুর পর হয়েছে বলেই দাবি হাসপাতালের।
জম্মু-কাশ্মিরের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর গুরুজিৎ সিং জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মীর গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস তার।
ইত্তেফাক/কেপি