পুঁজিবাজারে দর বৃদ্ধিতে এগিয়ে ব্যাংকিং খাত

 
পুঁজিবাজারে বর্তমানে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। গত প্রায় তিন মাস ধরে বাজারের সার্বিক মূল্য সূচক থেমে থেমে বেড়েছে। লেনদেনও ছিল ঊর্ধ্বমূখী। গেল সপ্তাহে সূচকে কিছুটা সংশোধন হয়েছে। লেনদেনও কমেছে কিছুটা।
 
রবিবার সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দর বৃদ্ধিতে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে পাঁচটিই ছিল ব্যাংক। এর মধ্যে যমুনা ব্যাংকের শেয়ারদর একদিনেই বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৮৫ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৭১ শতাংশ। আর শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এখন বিনিয়োগকারীরা পরিস্থিতির গতি প্রকৃতি বিবেচনা করছেন। এ অবস্থায় ব্যাংকগুলোর আয় পরিস্থিতি বিবেচনা করে অনেকে বিনিয়োগ করছেন। এজন্যই ব্যাংকের শেয়ারদর বাড়ছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে মূলসূচক ও লেনদেন বেড়েছে। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক বেড়েছে।