বামপন্থি আন্দোলনের প্রবীণ নেতা বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অজয় রায়ের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার শোকবাণীতে আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন, সংগ্রাম সর্বোপরি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং এক বরেণ্য ব্যক্তিত্ব অজয় রায়ের মৃত্যুতে বাংলাদেশের সামাজিক আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং প্রকৃত দেশপ্রেমিক। তার অবদান দেশবাসী স্মরণ রাখবে।
উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অজয় রায়ের জন্ম ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংগের ঈশ্বরগঞ্জে। তাদের পারিবারিক বাড়ি কিশোরগঞ্জ জেলার বনগ্রামে।
সোমবার ভোরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আগামী বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ইত্তেফাক/এএসএস