মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা ও হরিরামপুরের পদ্মা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল ও ইলিশ জব্দ করা হয়েছে।
রবিবার দিনগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল আলম ও পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. শামসুল আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিবালয়ের যমুনা নদীতে ইলিশ মাছ ধরার সময় নয় জেলেকে আটক করা হয়। এ সময় এক লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ ইলিশ জব্দ করা হয়।
অপরদিকে, জেলার হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সাত হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ