ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ের বলি ৭ম শ্রেণীর ছাত্রী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাল্য বিয়ের বলি হলো ৭ম শ্রেণীর এক ছাত্রী।
 
সোমবার বাল্যবিয়ের শিকার রীনা খাতুন নামের ওই ছাত্রী বাড়ি থেকে পালানোর সময় উপজেলার সাধুর মোড়ে ট্রাক চাপায় নিহত হয়। সে সোনাহাট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল।
 
পুলিশ জানায়, উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে রীনা খাতুন শুক্রবার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের মফিজুলের ছেলে রবিউল ইসলামের (২৩) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রবিবার রবিউল শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করে পরের দিন সোমবার রীনাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে ঝগড়া বাঁধে। একপর্যায়ে অভিমান করে রীনা বাড়ি থেকে পালিয়ে স্থল বন্দরগামী ভুরুঙ্গামারী-সোনাহাট সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত জনতা ওই সড়কের সাধুর মোড়ে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে থাকলেও চালক পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ