জেএমবির শীর্ষ নেতাসহ তিনজনের ১০ বছরের কারাদণ্ডাদেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
 
জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞা সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাকি দুইজন হলেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ।
 
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর ভোর রাতে র‌্যাবের একটি দল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ ও সামছু মিয়াকে আটক করে। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুইটি মামলা হয়। পরবর্তীতে পাঁচজনকে আসামি করে আদালতে চার্জসিট দেয়া হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ