সহপাঠীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সহপাঠীর ছুরিকাঘাতে আল আমিন নামে  এক কলেজছাত্র খুন হয়েছেন। 
 
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আল আমিন জাউয়াবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় জাউয়াবাজার কলেজের একই ক্লাসের শিক্ষার্থী আক্কাস মিয়াকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, জাউয়াবাজার ডিগ্রি কলেজের এইচএসসির মানবিক বিভাগের শিক্ষার্থী আল আমিন ও একই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আক্কাস মিয়ার মধ্যে রবিবার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার দেড়টায় কলেজ থেকে বাড়ি  ফেরার পথে বড়কাপন এলাকায় আল আমিনকে ছুরিকাঘাত করে আক্কাস মিয়া। গুরুতর আহত আল আমিনকে পাশের কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন জলসি গ্রামের আক্কাস মিয়াকে পুলিশ আটক করেছে। 
 
ছাতক থানার ওসি আসেক মামুন সুজা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আল আমিন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি