যশোরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

যশোরে স্ত্রী হত্যার দায়ে হেলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 
 
যশোর স্পেশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ জানান, হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রুপালীকে নিয়ে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় বসবাস করতেন। ২০০১ সালের ১৪ জুন রাতে হেলাল উদ্দিন স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়। হেলাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির দণ্ড দেন ও ২০ হাজার টাকা জরিমানা করেন। হেলাল উদ্দিন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি