সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় শিগগিরই চার্জশিট দাখিল হবে।
এরই মধ্যে পুলিশ ওই হামলায় ব্যবহৃত চাপাতি, ঘটনাস্থলের রক্তমাখা ঘাস ও মাটি, খাদিজার রক্তাক্ত কাপড়, ঘটনার ভিডিও চিত্রও সংগ্রহ করা হয়েছে এবং ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জেদান আল মুসা জানান, খাদিজার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির চার্জশিট আদালতে জমা দেয়া সম্ভব হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ জানান, পুলিশ হামলায় ব্যবহৃত চাপাতি, ঘটনাস্থলের রক্তমাখা ঘাস ও মাটি, খাদিজার রক্তাক্ত কাপড় আলামত হিসেবে সংগ্রহ করেছে।
গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি