গাইবান্ধায় পরিবহন ধর্মঘট শুরু

গাইবান্ধা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
 
মঙ্গলবার ভোর পাঁচটা থেকে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।
 
রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়া হয় এবং সোমবার সারাদিন শহরে মাইকিংও করা হয়।
 
সংগঠনের আহ্বায়ক কাজী মকবুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মোটর মালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে জেলার আওতাভুক্ত সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে। জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলে শুক্রবার থেকে গাইবান্ধার যানবাহনগুলোকে গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছেন গোবিন্দগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা। প্রসঙ্গত, দূরপাল্লার বাসগুলোকে গোবিন্দগঞ্জ রুট ব্যবহার করেই স্থানীয় এলাকাসহ সারা দেশে বিভিন্ন জায়গায় যেতে হয়। গোবিন্দগঞ্জ রুট ব্যবহার না করা গেলে স্থানীয় এবং সারা দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় না।
 
আর এ কারণেই জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
 
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক করা হয়েছে। কিন্তু তারা স্ব স্ব অবস্থানে অনড় থাকায় এনিয়ে কোনো সমাধান করা সম্ভব হয় নাই।
 
ইত্তেফাক/এএসএমইউ