বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে স্টিমারে তুলে দফায় দফায় ধর্ষণের ঘটনায় তিনদিন পরে থানায় মামলা হয়েছে।
শুক্রবার মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টিমারে এ ঘটনা ঘটে। ধর্ষিতার বড়ভাই বাদী হয়ে সোমবার রাতে বারইখালী গ্রামের বাবু মোল্লাকে (২২) আসামি করে মামলাটি করেছেন। পুলিশ রাতেই কিশোরীকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ পৌরসভা সদরের বারইখালী গ্রামের বাবু মোল্লা (২২) তার প্রতিবেশী কিশোরীকে ঢাকায় বোনের বাসায় ঝি এর কাজ দেয়ার কথা বলে স্টিমারে করে রওনা হয়। শুক্রবার স্টিমারে ওঠার কিছুক্ষণ পরই কেবিনে মেয়েটিকে ঝালমুড়ি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত আহত হয়। এর দুইদিন পর বাবু মোল্লা মেয়েটিকে মোরেলগঞ্জে তার বাসার সামনে রেখে পালিয়ে যায়। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পুলিশের সহায়তায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাবু মোল্লা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএসএমইউ