খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দরিদ্র ও দুস্থদের জন্য ১০ টাকা কেজির প্রায় সাড়ে আট মেট্রিক টন ওজনের এক শ ৮৩ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার চালগুলো জব্দ করেছে। এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের জন্য ডিলার আজাহার আলী উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মোকারম মৃধার বাড়িতে ১৫৯ বস্তা ও শাহ আলম মিয়ার বাড়িতে ২৪ বস্তা চাল গুদামজাত করে রাখে। বিষয়টি জানতে পেরে সোমবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়রা চালের বস্তাগুলো আটক করে। খবর পেয়ে পুলিশসহ ইউএনও ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে চালগুলো জব্দ করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এবং উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউ পি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, রাতে চালগুলো যাতে অন্যত্র সরাতে না পারে এ জন্য এলাকাবাসী ওই দুই বাড়ি সারারাত ঘেরাও করে রাখে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম জানান, ওই ডিলারের বিরুদ্ধে থানায় মামলা হবে। তার ডিলারশিপও বাতিল করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ