ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে নিয়োগের চেষ্টা, গ্রেফতার ১০

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে পুলিশে নিয়োগ পাওয়ার চেষ্টা করায় পাঁচ প্রার্থী ও তাদের পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধা বাবাকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে। এরা হলেন, পুলিশের কনস্টেবল প্রার্থী উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জেল হক আলী (১৮) ও তার বাবা ইউনুছ আলী, আমিরুল ইসলাম (১৭) ও তার বাবা আছাহাব আলী এবং রবিউল ইসলাম (১৮) ও তার বাবা ফরাজ আলী, সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (১৯) ও তার বাবা আমানত আলী এবং গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (১৭) ও তার বাবা নাজিম উদ্দিন। আটকরা জানায়, দালালের মাধ্যমে প্রতিটি সনদ সংগ্রহ করতে এক লাখ ২০ হাজার টাকা করে খরচ করতে হয়েছে।
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পাবনা পুলিশ লাইনে লোক নিয়োগের সময় ওই কনস্টেবল প্রার্থীরা নিজ নিজ বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরি করে জমা দেয়। কিন্তু সনদগুলো জাল প্রমাণিত হওয়ায় মঙ্গলবার কনস্টেবল পাঁচ প্রার্থী ও তাদের ভুয়া মুক্তিযোদ্ধা বাবাদের গ্রেফতার করা হয়। এবং তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ