দায়িত্বে অবহেলা, তহবিল তছরুপ ও অসদাচরণের দায়ে তিন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। করপোরেশনের সচিব খান মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হচ্ছেন- দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুজ্জামান, একই অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিক উল্যাহ মৃধা ও অঞ্চল-২ এর উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. পারভেজ রানা।
সিটি করপোরেশনের সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা পৌর করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা/১৯৮৯ এর বিধি ৩৯ (ক), (খ) ও (চ) অনুসারে বিভাগী মামলা রুজুসহ চাকরি হতে সাময়িক বরখাস্তকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।