রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার শুরু

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৩ দিনব্যাপী ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সেমিনার’ শুরু হয়েছে।
 
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত এ সেমিনার আজ মঙ্গলবার উদ্বোধন করেন অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপস (ওপিসিডব্লিউ) এর প্রধান আহমেত উজুমছু।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনএসিডব্লউসি’র চেয়ারম্যান লে. জে. মাহফুজুর রহমান স্বাগত বক্তৃতা প্রদান করেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. কামরুল আহসান ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
সেমিনারে সার্ক এবং আসিয়ানভুক্ত দেশের ২০ জন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধিসহ সর্বমোট ৪০ জন অংশগ্রহণ করেন।
 
সেমিনারে বক্তাগণ রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার উপর বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন দেশের রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পর্যলোচনার মাধ্যমে একটি যুগোপযোগী রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান এবং রাসায়নিক সচেতনতা বৃদ্ধি করাই এই সেমিনারের মূল লক্ষ্য। একটি নিরাপদ ও সমৃদ্ধশালী পৃথিবী গড়তে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার অপরিহার্যতা সেমিনারে তুলে ধরা হয়।
 
সেমিনারে বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসস।
 
 
 
ইত্তেফাক/এমআই