রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মালিবাগ রেলগেটের কাছে গতকাল মঙ্গলবার দুপুরে পৌঁছামাত্র পুলিশ টিয়ার সেল ও জলকামান ব্যবহার করে মিছিলটি পণ্ড করে দেয়।
জাতীয় কমিটি নেতা আসাদুজ্জামান খান মাসুম জানান, পুলিশের বাধা পেয়ে তারা মালিবাগ রেলগেট মোড়েই তাত্ক্ষণিক সমাবেশ করে। পরে সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে খোলা চিঠি দিতে ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা দেয় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
বাগেরহাটে রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিল করতে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিতে জাতীয় কমিটি জাতীয় প্রেসক্লাব থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল বের করে। মিছিলটি পল্টন, কাকরাইল, মালিবাগ-মৌচাক হয়ে মালিবাগ রেলগেট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এর আগে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে। এতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএন