ভেড়ামারা কলেজ সরকারীকরণের দাবীতে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ সরকারীকরনের দাবীতে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্ষন্ত কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে তারা।
 
শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন জানান, ১০.৪১ একর জমির ওপর ১৯৬৫ সালে ভেড়ামারা কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির ৩ হাজার ৭৬৪ শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ১হাজার ৭২৮ জন। ৮৬জন শিক্ষক নিয়ে কলেজটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এখানে ডিজিটাল ল্যাব সহ ১১টি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, ২টি লাইব্রেরী, ৫টি পাকা ও ২টি আধাপাকা ভবন এবং কলেজ প্রাঙ্গনে বিরাট মাঠ রয়েছে। জেনারেল শাখার পাশাপাশি ৭টি বিষয় অনার্স এবং এইচ এসসি বিএম শাখায় ৪টি ট্রেড চালু আছে। এ বছর পাবলিক পরীক্ষার ফলাফল শতকরা ৬৬ ভাগ। যা উপজেলার ৩টি প্রতিষ্ঠানের চেয়ে ভালো।
 
তিনি জানান, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাস পর্যায়ে দরিদ্র ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ানো হয়। নন এমপিও শিক্ষকদের সরকারী স্কেলের সমান বেতন ভাতাদি প্রদান করা হয়। কলেজের নিজস্ব অর্থায়নে ডায়নামিক ওয়েবসাইট রয়েছে, যা স্ব অর্থায়নে নির্মিত। এছাড়াও নিজস্ব অর্থায়নে অধিকাংশ শ্রেনীকক্ষ সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
 
কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘ দিনের দাবি ভেড়ামারা কলেজকে সরকারী করা হোক। শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক নাছিমা পারভিন বলেন, সরকারীকরণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের জন্য উর্দ্ধতন কতৃপক্ষের দ্রুত কলেজটি পরিদর্শন করা প্রয়োজন।
 
অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শামীমা খাতুন। টিচার কাউন্সিলের সাধারণ সম্পাদক নাছিমা পারভিন’ সহকারী অধ্যাপক খালিলুর রহমান খলিল’ প্রভাষক আঃ সামাদ, শফিকুর রহমান শফি, মাহফুজ আলম জুয়েল, আনিসুর রহমান, কৃষাণ কুমার পন্ডিত, জাহাঙ্গির হোসেন জুয়েল, শিক্ষার্থী রকি, নাহিদ, আলম প্রমুখ।
 
অভিভাবক আসলাম উদ্দিন জানান, ভেড়ামরা কলেজকে বাদ দিয়ে ভেড়ামারা মহিলা কলেজকে কেন সরকারীকরনের তালিকা করা হয়েছে তা আমাদের বোধ্যগম্য নয়। ভেড়ামারা মহিলা কলেজ স্থাপিত ১৯৯৫ সাল, বর্তমান ছাত্রীর সংখ্যা ৭১৮ জন, শিক্ষক কর্মচারী ৪০জন। ভেড়ামারা কলেজ কে সরকারী করণের দাবী জানাই।
ইত্তেফাক/এএন