চরভদ্রাসন উপজেলা ভাঙন কবলিত এলাকা হওয়া সত্ত্বেও পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন।
অভিযোগ আছে, উপজেলার গোপালপুর ঘাট মালিকদের যোগসাজশে চরহরিরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান কেএম ওবায়দুল বারি দিপু ঘাটের কাছে পদ্মার চরে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে চলছেন দিনের পর দিন। ড্রেজার ব্যবসায়ী দিপু খান বলেন, ঘাট মালিকরা তাদের নৌযান চলাচলের সুবিধার্থে তারা ড্রেজার দিয়ে মাটি কাটাচ্ছে।
এদিকে ওই ঘাটের অংশীদার বাবুল সিকদার বলেন, তারা নৌযান চলাচলের সুবিধার পাশাপাশি তেল খরচ সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার অফিস থেকে মৌখিক অনুমতি নিয়ে ড্রেজার দিয়ে ডুবোচর কাটাচ্ছে।
নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, নৌযান চলাচলের নাম করে চর কাটা বালু পাড়ে না ফেলে প্রতিদিন লাখ লাখ টাকায় বিক্রি করছে ড্রেজার মালিক। অবিলম্বে ড্রেজার মেশিনটি বন্ধের আবেদন জানিয়ে নদী পাড়ের মানুষ গত ১৬ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোকসানা রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এটি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি জানান, নদীর নাব্যতা রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে ড্রেজিং করলেও মাটি তীরে ফেলতে হবে বিক্রি করা যাবে না।
ইত্তেফাক/এএন