জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কে পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভিকনি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় গুলিবিদ্ধ অবস্থায় একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি দিলবর (৪৬) ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গুলি বিনিময়ের ঘটনায় আহত দুই পুলিশ সদস্য ও ডাকাতকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্কেলপুর-বগুড়া সড়কে পুলিশ সদস্যরা অটোরিকশা যোগে টহল দিচ্ছিলেন। গতরাত দেড়টার দিকে ভিকনি ব্রিজ এলাকায় একদল ডাকাত পুলিশের অটোরিকশার গতিরোধ করে হামলা চালায়। এসময় পুলিশ ডাকাতকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। সেখান থেকে দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় দিলবর ডাকাতকে গ্রেফতার করা হয়।
ডাকাতের হামলায় দুই কনস্টেবল ওবায়দুল ও বিধান আহত হন। আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/কেকে