বেত্রাঘাতের যন্ত্রণায় কুঁকড়ে গেলেন বছর বাইশের তরুণী। তাতে আনন্দে আত্মহারা হলো জনতা! তরুণীটি যত জোরে চিৎকার দিলেন, জনতা বিদ্রূপে তত জোরে হাসলো! এটা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ঘটনা। ওই অঞ্চলের কঠোর ইসলামী আইন লঙ্ঘন করায় বেত্রাঘাত করার এটাই সর্বশেষ ঘটনা।
আচেহ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশটির সেই প্রদেশ যেখানে শরিয়া আইন মেনে চলতে বাধ্য সবাই। ওখানে জুয়াখেলা, মদ পান, সমকামী প্রেমের মতো 'অপরাধে'র জন্য স্থানীয়দের বেত্রাঘাতের মতো শাস্তির মুখে পরতে হয় প্রায়শই।
কী অপরাধ ছিল এই তরুণীর? প্রেমিকের শরীর ছুঁয়ে বসেছিলেন তিনি। আর তারই সাজা হিসেবেই ২৯ বার বেত্রাঘাত করা হয়েছে তাকে।
ইসলামিক নিয়মে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সবরকম ঘনিষ্ঠতা, যেমন- পরস্পরকে চুম্বন করা বা আলিঙ্গন করা নিষিদ্ধ। সম্প্রতি ১৩ জনকে এই 'অপরাধে' আটক করা হয়। তাদের প্রত্যেকের জন্যই এ রকম শাস্তির নিদান দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার বেশিরভাগ অধিবাসীই নিজেদের মুসলমান বলে দাবি করেন। কিন্তু কেউই প্রায় এতটা কঠোরভাবে শরিয়ত নিয়ম মেনে চলেন না, যেমনটা দেখা যায় এই অঞ্চলে। তবে স্বায়ত্তশাসন পাওয়া এই অঞ্চলে আপাতত এর কোনও ব্যতিক্রম নেই।
ইত্তেফাক/এএম