হলিউডি ছবি ‘ইনফারনো’র পর অভিনেতা ইরফান খানের হাত রয়েছে একগুচ্ছ ছবির প্রস্তাব। কাজ চলছে বেশকিছু ছবি নিয়েও। তবে তারই মাঝে খবরের শিরোনামে রয়েছে ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি।
‘প্যায়ার কে সাইড এফেক্টস’ ছবির পরিচালক সাকেত চৌধুরীর এই নয়া ছবি ‘হিন্দি মিডিয়াম’-এর শুটিং বাতিল করা হলো অনির্দিষ্টকালের জন্য। কারণ সেই উরি আক্রমণের প্রভাব থেকে শুরু করে ভারত-পাক সম্পর্কের অবনতি এবং পাক-শিল্পী বয়কট। এই ছবিতেই অভিনয় করার কথা ছিল পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের।
ব্যস্ত তারকা অবশ্য এতোকিছু নিয়ে ভাবছেন না। কুড়িয়ে পাওয়া ষোল আনা ছুটি, আর এই ছুটিটুকু তিনি কাটাতে চান নিজের মতো করে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঘেরাটোপ এড়িয়ে তিনি এখন চাইছেন অন্যকিছু করতে। তাই এর মাঝে নতুন কোনো ছবির কাজে হাত দেননি তিনি। তবে শোনা যাচ্ছে, ছেলের সঙ্গেই নাকি এখন সময় কাটাচ্ছেন ইরফান।