দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটি হতে যাচ্ছে আরো কিছু মাইলফলক গড়ার মঞ্চ।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ঘরানাতেই সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই বাঁহাতি ওপেনারের সামনে থাকবে আরেকটি মাইলফলক স্পর্শের সুযোগ। কেননা আর মাত্র ২৪ রান করলে সাদা পোশাকে দেশের মাটিতে ২ হাজার রান অতিক্রম করবেন তিনি। নিজ শহর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেই এই মাইলফলক ছুঁতে পারেন তিনি। সেক্ষেত্রে তিনি হবেন দেশের মাটিতে এই নজির গড়া কেবল দ্বিতীয় বাংলাদেশি। সবার উপরে আছেন সাকিব আল হাসান।
টেস্টে বাংলাদেশের হয়ে ৪২ ম্যাচে ৩ হাজার ১১৮ রান করেছেন তামিম। তবে দেশের মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব ৩০ ম্যাচে ৪২.৫৭ গড়ে ২ হাজার ৮৬ রান করেছেন। দুইটি সেঞ্চুরির সঙ্গে ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা তামিমের সংগ্রহ ২৮ ম্যাচে ৩৮.০০ গড়ে ১ হাজার ৯৭৬ রান। চারটি সেঞ্চুরির সঙ্গে ১১টি হাফ সেঞ্চুরিও আছে এই ওপেনারের। স্বদেশে ২ হাজার রান করার হাতছানি এখন তার সামনে।
দেশের মাটিতে ১ হাজারের বেশি রান করেছেন আরো পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান। মুশফিকুর রহিম ১ হাজার ৫৪৭, হাবিবুল বাশার ১ হাজার ৩৮৯, মোহাম্মদ আশরাফুল ১ হাজার ২১৯, মুমিনুল হক ১ হাজার ১২৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১ হাজার ৪০ রান করেছেন। সর্বোচ্চ ৪টি করে সেঞ্চুরি তামিম ও মুমিনুলের। আশরাফুলও ঘরের মাঠে ৩টি সেঞ্চুরি করেছেন।
সাকিবের সামনেও এই সিরিজে অলরাউন্ডার হিসেবে তিন হাজার রান ও দেড়শ উইকেট প্রাপ্তির সুযোগ এসেছে। টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করতে তার দরকার ১৭৭ রান। বর্তমান ৪২ ম্যাচে ২ হাজার ৮২৩ রান আছে সাকিবের যিনি বাংলাদেশের তৃতীয় সেরা রান সংগ্রাহক। বাঁহাতি স্পিনার সাকিবের দেড়শ উইকেট পুরা করতে দরকার কেবল তিন উইকেট। ৪২ ম্যাচে ১৪৭ উইকেটের সুবাদে সাদা পোশাকে এমনিতেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
দেশের মাটিতে সর্বোচ্চ রান
নাম ম্যাচ রান গড়
সাকিব আল হাসান ৩০ ২০৮৬ ৪২.৫৭
তামিম ইকবাল ২৮ ১৯৭৬ ৩৮.০০
মুশফিকুর রহিম ২৯ ১৫৪৭ ৩২.৯১
হাবিবুল বাশার ২২ ১৩৮৯ ৩১.৫৬
মোহাম্মদ আশরাফুল ২৮ ১২১৯ ২৩.৯০
মুমিনুল হক ১২ ১১২৬ ৬৬.২৩
মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ ১০৪০ ৩৭.১৪
ইত্তেফাক/এমএইচ