শিক্ষকদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণ জোরদারের সুপারিশ

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সৃজনশীল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে সুপারিশ করা হয়েছে।
 
বুধবার কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
 
কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস.এম. আবুল কালাম আজাদ, মোহা: মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় ১২তম বৈঠকে গঠিত সাব-কমিটি কর্তৃক রিপোর্ট নিয়ে, সৃজনশীল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে গৃহীত কার্যক্রম, উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের অগ্রগতি, হালনাগাদ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
সভায় জানানো হয়, উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ.আই.টি.আর.সি.ই) প্রকল্পের আওতায় ১২৫ টি উপজেলায় উপজেলা আইসিটি রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ সম্পন্নকরত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের প্রকল্প সাহায্য অংশের শতভাগ কাজ সমাপ্ত হয়েছে। আর জিওবি অংশসহ প্রকল্পের মোট বাস্তবায়ন অগ্রগতির হার শতকরা ৮৬ ভাগ।
 
সভায় আরো জানানো হয় ইতোমধ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতির সুষ্ঠু বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এস.ই.এস.ডি.পি) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম স্তরের মাস্টার ট্রেইনার হিসেবে ১২দিন ব্যাপী প্রায় ১৩ হাজার ৯৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
 
মাস্টার ট্রেইনারগণ মাধ্যমিক স্তর ও দাখিল স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম শ্রেণি) মোট ৪ লাখ ৬ হাজার ৬৬৪ জন এবং উচ্চ মাধ্যমিক স্তর ও আলিম স্তরের (একাদশ-দ্বাদশ শ্রেণি) মোট ৬৪ হাজার ২৯২ জন শ্রেণি শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস