রাজধানীর যাত্রাবাড়ীতে কেতাব আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ফলের দোকান বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত কেতাব আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের জহুর আলীর ছেলে। ১৫-২০ দিন আগে গ্রামের বাড়ি থেকে যাত্রাবাড়ীর মদিনা মসজিদ কলাপট্টি এলাকার তার ছেলে মো. শিপনের বাসায় বেড়াতে আসেন। ফুটপাতের ফল বিক্রেতা ছেলে সিপনকে তিনি মাঝে মাঝে সহযোগিতা করতেন।
নিহতের ছেলে সিপন জানান, বুধবার বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় ফলের দোকান বসানো নিয়ে পাশের দুই দোকানদারের সঙ্গে তার ধস্তধস্তি হয়। পরে তার বাবা কেতাব আলী ঠেকাতে গেলে তাকেও মারধর করে ওই দোকানদাররা। একপর্যায়ে বাবা অসুস্থ বোধ করায় তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। পরে বাসা থেকে বিকেল সাড়ে চারটার দিকে আবার দোকানে আসার পথে অসুস্থ হয়ে পড়েন কেতাব আলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সিপন আরো জানান, কয়েকদিন আগে পুলিশ তাদের সকল দোকান উচ্ছেদ করে দেয়। পরে বুধবার সবাইকে আবার একটি সিরিয়ালে দোকান বসাতে বলে। কিন্তু তিনি সিরিয়ালের দোকান বসাতে গেলে পাশের দুই দোকানির সঙ্গে ঝগড়া হয়। তবে ওই দুই দোকানির নাম পরিচয় জানাতে পারেননি সিপন। তিনি জানান, ওই দুই দোকানিও তাদের মত ফল বিক্রি করত।
যাত্রাবাড়ি থানার ওসি আনিসুর রহমান বলেন, আমরা ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দুই দোকানদারের মধ্যে হাতাহাতি হয়েছে। এটা বড় ধরনের কোনো মারামারি নয়। তবে বয়স্ক লোক হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএম।