মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্রী তাহমিনাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। 
 
বুধবার তাহমিনার বাবা মো. তফিজ উদ্দিন হাওলাদার সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করেন। 
 
এদিকে বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় তাহমিনার জ্ঞান ফিরে আসায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। 
 
দুপুরে এএসপি (শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্লু খোঁজার চেষ্টা করছি। তবে দুটি কারণে এমন ঘটনা ঘটতে পারে। প্রথমত প্রেম ঘটিত কোন ঘটনা থাকতে পারে। অথবা এমনও হতে পারে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করতে চেয়েছিল দুর্বৃত্তরা। আমরা চতুর্দিকে সোর্স লাগিয়েছি। খুব শিগগিরই অপরাধীদের সন্ধান পাওয়া যাবে।  
 
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, পুলিশের একাধিক টিম হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
 
উল্লেখ্য, সিরাজদিখান উপজেলার চোরর্মদ্দন গ্রামে মঙ্গলবার বিকালে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাহমিনা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/ইউবি