সুজানগরে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়

পাবনা-সুজানগর প্রধান সড়কে মাত্র ২০কি.মি দূরত্বের সিএনজিতে যাত্রী প্রতি ভাড়া আদায় করা হচ্ছে ৩৫টাকা। রাত ৮টার পর ভাড়া আরো বাড়িয়ে ৪০ থেকে ৫০ টাকা করেও নেয়া হচ্ছে।
 
অতিরিক্ত এই ভাড়া আদায় নিয়ে মাঝে মধ্যেই যাত্রীদের সাথে সিএনজি চালকদের বিরোধ বাঁধে। এ বিষয়ে ভুক্তভোগী যাত্রীরা জানান, এই সড়কে সিএনজি চলাচলের শুরুর দিকে যাত্রী প্রতি ২৫টাকা ভাড়া নেওয়া হতো। এসময় প্রতি লিটার গ্যাসের দাম ছিল ২০টাকা। কিছুদিন পর গ্যাসের দাম লিটার প্রতি ২টাকা বাড়লে তারা যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করে ৩০টাকা। যাত্রীরা দীর্ঘদিন ৩০টাকা ভাড়া দিয়েই চলাচল করে আসছিল। কিন্তু সম্প্রতি সিএনজি মালিকরা কোন প্রকার কারণ ছাড়াই যাত্রী প্রতি ৩৫টাকা ভাড়া নির্ধারণ করে। 
 
এনিয়ে যাত্রীরা প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি। ফলে যাত্রী সাধারণ নিরুপায় হয়ে ২০কি.মি সড়কে ৩৫টাকা ভাড়া দিয়েই যাতায়াত করছে। এছাড়া সুজানগর বোনকোলা সড়কেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। মাত্র ১১কি.মি এই সড়কে যাত্রী প্রতি ভাড়া আদায় করা হচ্ছে ২৫টাকা। বিষয়টি ভুক্তভোগী যাত্রী সাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। 
 
ইত্তেফাক/এসএস