নগরকান্দায় চোরের মারপিটে আহত গৃহকর্তার মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চোরের মারপিটে আহত গৃহকর্তা ফিরোজ মোল্যা (৩৮) মারা গেছেন।
 
বৃহস্পতিবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
ফিরোজের বাবা মোতাহার মোল্যা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট পাইককান্দি গ্রামের মান্দার শেখ, আহাদ, হাসমত ও আকরাম শেখ সঙ্গবদ্ধ হয়ে ফিরোজ মোল্যার গৃহপালিত মুরগী চুরি করছিল। এ সময় ফিরোজ মোল্যা তাদেরকে হাতেনাতে ধরলে তারা তাকে বেধড়ক মারপিট করে। ফিরোজের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ