সুনামগঞ্জে হোটেল থেকে যুবক ও নদী থেকে নারীর লাশ উদ্ধার

 
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সুরমা নদী থেকে এক মহিলা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোছা. শাবানা বেগম। তিনি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবার বাড়ি গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।
 
শুক্রবার বিকেল পৌনে তিনটায় স্থানীয় লোকজন সুরমা নদীতে লাশটি ভেসে আসতে দেখে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করে।
 
উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিকেলে শহরের ওয়েজখালী এলাকায় একটি পাথর বোঝাই নৌকা থেকে পাথর উত্তোলন শেষে নৌকাটি ডুবে গিয়ে ঐ নারী শ্রমিক নিখোঁজ হন।
 
এদিকে, বিকাল সাড়ে তিনটায় শহরে পশ্চিমবাজার এলাকার শারফিনিয়া নামে একটি আবাসিক হোটেল থেকে এক জহিরুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের মেহেন্দি মিয়া সরকারের ছেলে।
 
হোটেল কর্তৃপক্ষ জানায়, ওই যুবক আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা যাবেন বলে সুনামগঞ্জ আসেন এবং হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। সকালে তার কক্ষটি বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানার পুলিশ এসে দরজা ভেঙে কক্ষটির বিছানায় মৃত অবস্থায় যুবকের লাশ দেখতে পান।
 

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার হওয়া দুটি লাশই ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।