জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক মারধরের ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক বিশেষ সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মহিতোষ রায় টিটোকে ২ বছর, ছাত্রলীগের সহ-সম্পাদক মার্কেটিং বিভাগের ৪০তম ব্যাচের ইকরাম উদ্দিন অমি ও ছাত্রলীগকর্মী পরিসংখ্যান বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ইকরাম নাহিদকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ৮ জুন রাতে এক তরুণীকে অপহরণের হাত থেকে বাঁচাতে গিয়ে বহিষ্কৃত এসব ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন একটি অনলাইন নিউজ পোর্টলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম।