চিরসবুজ চিত্রনায়ক আলমগীর বেশ ভালো গান যে গাইতে পারেন তা কমবেশি অনেকেরই জানা। চলচ্চিত্রে অভিনয়ে যখন তিনি দারুণ ব্যস্ত ছিলেন তখন তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেছেন। যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে গান গাইতেন তিনি। তবে এবার অনেকদিন পর মঞ্চে গান গাইলেন আলমগীর।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ার ও তার সহধর্মিণী জোহরা গাজীকে নিয়ে কিছু বলতে গিয়ে মঞ্চে ওঠেন আলমগীর। গাজীর গানের গল্প করতে গিয়েই দর্শকের অনুরোধে আলমগীরকে গান গাইতে হয়। এদিকে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কনকচাঁপা, বাদশা বুলবুল, দিঠি আনোয়ার ও অপু। অনুষ্ঠানটির শুরুতে উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা নিপুণ।