রাজধানীর পোস্তগোলার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন।
শনিবার সকালে ৭টার দিকে পোস্তগোলার বউবাজার এলাকায় মুজাফফরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মুজাফফরের বাড়ির ভাড়াটিয়া গৃহকর্তা আবুল কালাম আজাদ (৪০), তার স্ত্রী জেসমিন বেগম (৩৫) তার ছেলে রনি (১৩), আজাদের ভাতিজি শারমিন আক্তার (২০) এবং প্রতিবেশী শিশু সোহানা (৩)। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু সোহানা ছাড়া তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে দগ্ধ আজাদ বলেন, শনিবার সকাল ৭টার দিকে তিনি ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচলাইট জ্বালান। এসময় তার শরীরসহ ঘরের মধ্যে আগুন জ্বলে ওঠে। তিনি দৌড় দিয়ে বের হয়ে এসে প্রতিবেশীদের জানান। তখন প্রতিবেশীরা ঘরের মধ্য থেকে তার স্ত্রী, কন্যা, ছেলে এবং ভাতিজিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, তারা চলতি মাসের ১ তারিখে মুজাফফরের বাড়িতে ভাড়া ওঠেন। ৪ তারিখে ওই বাসার গ্যাসের লাইন থেকে গন্ধ বের হলে তিনি বাড়ির মালিক মুজাফফরকে জানান। এরপর মুজাফফর সিমেন্ট দিয়ে পাইপ লাইন মেরামত করে দেন। মেরামত করা ওই লাইন থেকে গ্যাস বের হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বার্ন ইউনিটের দ্বায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আজাদের শরীরের ৬০ শতাংশ, জেসমিনের ৩৯ শতাংশ, রনির ৪০ শতাংশ, শারমিনের ৩৮ শতাংশ ও শিশু সোহানার শরীরের ১০ শতাংশ আগুনে পুড়ে গেছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/এএসএস/এমআই