কাজটা অনিচ্ছাকৃত, কিন্তু এতে অসচেতনতার ছাপ স্পষ্ট। গৌতম বুদ্ধের মূর্তির সামনে পা রেখে ছবি তোলা, সেই ছবি আবার ইনস্টাগ্রামে পোস্ট! কাজটা বিতর্ক উসকে দেয়ার জন্য যথেষ্ট। আর সেই কাজই কিনা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ‘বিতর্ক’ শব্দটা যেন সমার্থক। খেলায় নিজের সুনাম বাড়ানোর পাশাপাশি মাঠের বাইরেও এমন অনেক ঘটনা তিনি ঘিরে থাকেন, যাতে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। আর তারই সর্বশেষ স্বাক্ষর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা। এ নিয়ে অনলাইনে, বিশেষ করে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তোলপাড় চলছে।
লিওনেল মেসির হ্যাটট্রিকের কয়েক ঘণ্টার মধ্যে এই বিতর্ক শুরু হয়। বুদ্ধের মূর্তির সামনে পা রেখে তোলা ওই ছবির সঙ্গে ক্যাপশন ছিল (পর্তুগীজ ভাষায়) ‘গুড মর্নিং'।
বিতর্কিত ছবি পোস্ট করার পরে রোনাল্ডো ভক্তরাই কটাক্ষ করতে থাকেন মহা-তারকাকে। একজন যেমন লেখেন, 'রোনাল্ডো এটা ফুটবল নয়। তুমি এ রকম ছবি দিতে পারো না।'
আর একজন রোনাল্ডো-ভক্ত পোস্ট করেন, 'এটা বৌদ্ধ ধর্মের প্রতি অশ্রদ্ধা। খুব খারাপ ছবি।'
রোনাল্ডোর কাছ থেকে এই নিয়ে আর কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তিনি ক্ষমা চেয়ে নেন কিনা, সেটাই এখন দেখার।
ইত্তেফাক/এএম