রাজশাহীর তানোর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) মুন্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।
শনিবার সকাল আটটার দিকে উপজেলার মুন্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশ সকালেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নিহতের প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবু (৩০)।
পুলিশ জানায়, জনৈক আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে মুন্ডুমালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ