'ডিলান অভদ্র'

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান। তাকে নিয়ে মাতামাতি সবখানে। আর সেই তার-ই কিনা কোনো সাড়াশব্দ নেই! তার এই ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ নোবেল কমিটি। সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য তো ক্ষোভে বলেই দিয়েছেন, ডিলান ‘অভদ্র ও উদ্ধত’।
 
তার গীতিকাব্যকে সাহিত্যের মর্যাদা দিয়েছে নোবেল কমিটি। কিন্তু আশ্চর্যজনকভাবে এ নিয়ে একটি বাক্যও খরচ করেনি কিংবদন্তি গায়ক। যেদিন এই ঘোষণা করা হয় সেদিনই লাস ভেগাসে একটি কনসার্ট করছিলেন তিনি। সেখানেও এ নিয়ে কোনও কথা বলেননি তিনি।
 
শোনা যাচ্ছে, কমিটির ফোন তিনি ধরেননি এবং কোনও জবাবও দেননি। প্রকাশ্যে এ নিয়ে কোনও বিবৃতিও দেননি। তার এই উদাসীনতার অন্য অর্থও খুঁজেছেন অনেকে। ডিলান নোবেল প্রত্যাখ্যান করছেন বলেও খবর চাউর হয়।
 
কিন্তু কোনো কিছুরই কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি, যেহেতু ডিলান এ নিয়ে কিছু বলেননি। আর এতেই বেজায় চটেছেন কমিটির সদস্যরা।
 
ডিলানের এই আচরণকে সুইডিশ লেখক পার ওয়াস্টবার্গ তাই 'অভদ্র ও উদ্ধত' বলেই ব্যাখ্যা করেছেন। তার মতে, ডিলানের নীরবতাই এই অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে।
 
ইত্তেফাক/এএম